Image description

নেত্রকোনার খালিয়াজুড়িতে ইঁদুর নিধনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম খালিয়াজুড়ি উপজেলার হারাকান্দি গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে তীব্র বুকের ব্যথায় ছটফট করার একপর্যায়ে পরিবারের সদস্যদের কাছে আরিফুল নিজেই স্বীকার করেন যে তিনি ইঁদুর নিধনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। বিষক্রিয়ার বিষয়টি জানতে পেরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নদীপথে নৌকাযোগে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই নৌকার ভেতর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

পরবর্তীতে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।

স্বজনরা তাঁকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল ভবন থেকে বের করার সময় পথেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে পুনরায় হাসপাতালের জরুরি বিভাগে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাকিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হয়ে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও সংগ্রহ করেন।

ডিআর