দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন। কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর পর কারখানাটি স্বাভাবিকভাবে চালু রাখার প্রত্যাশা তৈরি হলেও মাত্র দুই দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন হয়। তবে উৎপাদন শুরুর পর কারিগরি ত্রুটি দেখা দিলে বৃহস্পতিবার ভোরে পুরো কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেও অল্প সময়ের মধ্যে আবার বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে দ্রুত কারিগরি ত্রুটি নিরসন করে উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসএ




Comments