ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে রাজন মিয়া (৭) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজন মিয়া ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত কিশোর তহসিন হৃদয় (১৪) একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জলপাই কুড়ানোর কথা বলে রাজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তহসিন। পরে নির্জন স্থানে নিয়ে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয় বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর শিশুটির মরদেহ বাড়ির পাশে জঙ্গলঘেরা একটি বাথরুমে লুকিয়ে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ সময় রাজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তহসিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মরদেহ লুকিয়ে রাখার কথা জানায় এবং ঘটনাস্থল দেখিয়ে দেয়।
পরে স্থানীয়রা তহসিনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজনের মরদেহ উদ্ধার করে এবং তহসিনকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহসিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দাবি, রাজন চিৎকার করায় তাকে হত্যা করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসএ




Comments