Image description

তীব্র রোদ উপেক্ষা করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার সকাল থেকেই পথসভাস্থল ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে শনিবার ভোর থেকেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে মানুষের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে ছোট ছোট দলে পথসভাস্থলে আসতে দেখা যায় মানুষকে।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যেও অনেকে দীর্ঘ সময় ধরে পথসভাস্থলে অবস্থান করছেন। সেখানে শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষ, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের জন্য বিরতি দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে মাইক ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

বিপুল মানুষের উপস্থিতি বিবেচনায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণ, পানি সরবরাহ ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগতদের সুবিধার্থে প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পথসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তাঁরা মানুষের চলাচল নিয়ন্ত্রণ, পানি সরবরাহসহ বিভিন্ন কাজে সহযোগিতা করছেন।

এদিকে জনসমাগমকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা-পুলিশের সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সদস্য মোতায়েন করা হয়েছে। পথসভাস্থল, মহাসড়কের বিভিন্ন অংশ ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখা, পথসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, লংমার্চ উপলক্ষে তাঁদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তাঁরা আশা করছেন। আগত মানুষের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘লংমার্চকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটিকুমরুলে মানুষের উপস্থিতি আরও বাড়ছে। তীব্র রোদ উপেক্ষা করে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পথসভাস্থল ও আশপাশের এলাকায় জনসমাগম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএ