Image description

কিশোর-কিশোরী ও তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ার লক্ষ্যে নেত্রকোনায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলা পুলিশের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের মুক্তারপাড়া মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরী ও তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকের হাতছানি থেকে দূরে রেখে সঠিক পথে ও সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করা। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তৃণমূল পর্যায় থেকে যেন ভালো খেলোয়াড় তৈরি হয়, সে লক্ষ্যেও আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। শিল্পায়ন, নগরায়ণ, তথ্যপ্রযুক্তির বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে কিশোর অপরাধও বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও সংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এবারের চ্যাম্পিয়নশিপে নেত্রকোনা জেলার ১০টি উপজেলার ১০টি বালক দল ও ৯টি বালিকা দলসহ মোট ১৯টি দল অংশ নিচ্ছে। এতে জেলার বিভিন্ন প্রান্তের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতার মাঠ উৎসবমুখর হয়ে উঠেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের কর্মকর্তারা, খেলোয়াড়, অভিভাবক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করতে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। একসময় গ্রামবাংলার মাঠে-ময়দানে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে আধুনিক বিভিন্ন খেলার ভিড়ে অনেকটাই আড়ালে চলে গেছে। এমন পরিস্থিতিতে জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে কাবাডির প্রতি আগ্রহ বাড়বে এবং নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসবে সম্ভাবনাময় খেলোয়াড়।

এসএ