Image description

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, নিম্নচাপটি সোমবার রাত ৯টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপের প্রভাবে কলাপাড়াসহ পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে সোমবার রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতির বিবেচনায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআর