খুলনা নগরীতে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এড়াতে ও সাধারণ মানুষকে সুরক্ষায় রাখতে চারশ অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে এসব মশারি তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর সহযোগিতায় বুধবার সকালে কেসিসির ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে প্রথম দফায় ৩০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘‘ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে সড়ক সংলগ্ন বড় বড় ড্রেনগুলিতে মশার উপস্থিতি নেই বললেই চলে। এখন বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন করতে পারলে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমে আসবে।’’
কেসিসি প্রশাসক প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ তিন মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং মশা নিধনে জনগণকে সচেতন করতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সাবেক কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু ও মাজেদা খাতুন, সমাজসেবক মহিবুল্লাহ শামীম, শীতলা বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজিত সাহা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই দিনে দুপুরে স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে নগরীর দৌলতপুরস্থ শহীদ জিয়া কলেজ অডিটোরিয়ামে অপর এক অনুষ্ঠানে ১০০টি দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে বলেন, "ডেঙ্গু রোগীদের জরুরি চিকিৎসায় কেসিসির পক্ষ থেকে চিহ্নিত ৮টি ‘রেড জোনে’ ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড ও ইউনিট চালু রয়েছে। প্রয়োজনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্মুক্ত চত্বরে বৃহৎ পরিসরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প নির্মাণসহ ভ্রাম্যমাণ চিকিৎসা টিম গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।"
‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর সভাপতি সৈয়দ নওসুদুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সমাজসেবক প্রকৌশলী শাহীর হোসেন জাম্বু, দারুল হুদা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম এবং ২ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক চমন আক্তার প্রমুখ।
ডিআর




Comments