Image description

নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতে এবং পবিত্র মক্কা-মদিনায় ইবাদত-বন্দেগির সুযোগ করে দিতে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই ওমরাহ পালনের সার্বিক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পবিত্র মক্কার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তাঁরা যাত্রা করেন। যাত্রার প্রাক্কালে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া আবেগঘন বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিয়মিত সালাত আদায়, বেশি বেশি নফল নামাজ পড়া এবং পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিশেষ দোয়া করার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, "আমার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পবিত্র ভূমিতে বেশি বেশি নফল ইবাদত করবেন। সেখানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। পাশাপাশি দেশ ও সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি এবং আপনাদের আত্মীয়-স্বজনের জন্য মোনাজাত করবেন।"

তিনি আরও বলেন, ‘‘পবিত্র মক্কা-মদিনায় গিয়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে। মহান আল্লাহর কাছে দেশ, দেশের মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করতে হবে।’’

জানা গেছে, নেত্রকোণা-৪ আসনের অধীন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ জন ত্যাগী নেতাকর্মীকে এ ওমরাহ সফরের জন্য মনোনীত করা হয়। লুৎফুজ্জামান বাবরের নিজ অর্থায়নে তাঁদের বিমান টিকিট, আবাসনসহ ওমরাহ পালনের প্রয়োজনীয় যাবতীয় খরচের ব্যবস্থা করা হয়েছে।

ওমরাহ পালনের এমন সুযোগ পেয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সফরসঙ্গী একাধিক নেতাকর্মী জানান, রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও রওজা মোবারক জিয়ারতের সুবর্ণ সুযোগ মেলা তাঁদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাঁরা লুৎফুজ্জামান বাবরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার কথা ব্যক্ত করেন।

এ বিষয়ে বাবরের পিএস মির্জা মো. হায়দার আলী বলেন, ‘‘রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই স্যার এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর ব্যক্তিগত অর্থায়নে ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।’’

ডিআর