Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের (২০২৫-২৬ অর্থবছর) আওতায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। গত ২১ জুন ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি নোটিশ সূত্রে জানা যায়, বরাদ্দকৃত অর্থ দিয়ে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। অনুমোদিত PWD Schedule of Rate অনুযায়ী দরপত্র প্রাক্কলন প্রস্তুত করে দ্রুত ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।
বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, বরাদ্দের অর্থে বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে অগ্রগতি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন।
এসএ