জলহস্তী পরিবারে আনন্দের বন্যা, সাফারি পার্কে নতুন শাবকের জন্ম
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন এক সদস্যের আগমন ঘিরে আনন্দের জোয়ার বইছে। সম্প্রতি পার্কের জলহস্তী পরিবারে নতুন একটি শাবকের জন্ম হয়েছে।
নতুন এই শাবককে ঘিরে এখন মা জলহস্তীর ব্যস্ত সময় কাটছে। পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খাবার দিতে গেলে তাড়া করে খুশিমনে খেলা করা, এক মুহূর্তেই গভীর পানিতে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাওয়া, আবার হঠাৎ পানিতে ভেসে উঠে কচুরিপানার আড়ালে লুকিয়ে পড়াসহ নানামুখী খুনশুটিতে পুরো বেষ্টনী মাতিয়ে রাখছে নতুন শাবক ও তার মা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, "প্রায় সপ্তাহ দেড়েক আগে পার্কের জলহস্তী বেষ্টনীতে প্রথমবারের মতো শাবকসহ মা জলহস্তীকে ডাঙায় উঠে আসতে দেখা যায়। খবর পেয়ে আমরা বেষ্টনীতে গেলে তারা আবার দ্রুত গভীর পানিতে ডুব দেয়। মাঝেমধ্যে জলাধারের কোনো এক কোণায় সামান্য ভেসে উঠে আবার ডুব দিচ্ছে—যেন আমাদের সঙ্গেই লুকোচুরি খেলছে।"
তিনি আরও বলেন, "ঠিক কত তারিখে শাবকটির জন্ম হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে সপ্তাহ দেড়েক আগে হঠাৎ মা জলহস্তীর সঙ্গে শাবকটিকে ডাঙায় দেখা যায়। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি, তা নিশ্চিত করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।"
নতুন এই সদস্যের আগমনের মাধ্যমে সাফারি পার্কে মোট জলহস্তীর সংখ্যা দাঁড়িয়েছে ৫টিতে। পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রসূতি মা জলহস্তীকে অতিরিক্ত খাবার সরবরাহ করা হচ্ছে।
ডিআর




Comments