মতবিনিময় সভায় ডেকে সাংবাদিকদের বের করে দিলেন মাগুরার জেলা প্রশাসক
স্থানীয় সংবাদকর্মীদের তীব্র ক্ষোভ
মাগুরার মহম্মদপুর উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সভাস্থল ত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় এ অনভিপ্রেত ঘটনা ঘটে। জেলা প্রশাসকের এমন আচরণে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে মাগুরার নতুন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদের সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি চলতি ২০২৬ সালের জুন মাসে মাগুরা জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সাংবাদিকেরা জানান, সভার শুরুতে প্রথাগত পরিচয়পর্ব চলাকালেই জেলা প্রশাসক মাইকে সরাসরি ঘোষণা দিয়ে 'প্রেসক্লাব মহম্মদপুর'-এর সভাপতি ছাড়া অন্যান্য সকল সাংবাদিককে সভাস্থল ছেড়ে বাইরে চলে যেতে নির্দেশ দেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "বাকিরা বের হয়ে যান, আপনাদের কাছে নিউজ পৌঁছে যাবে।"
জেলা প্রশাসকের এমন ঘোষণায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি মো. রাসেল পারভেজ মাইকে বলেন, সাংবাদিকদের আপনি এভাবে ঘোষণা না দিলেও পারতেন।
প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফারহান নিপু বলেন, অন্যান্য জেলা প্রশাসকরা মাগুরায় যোগদানের পর মহম্মদপুরে এলে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক সমস্যা ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। কীভাবে সমস্যাগুলো দূর করা যায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়েও মতবিনিময় হতো। কিন্তু বর্তমান জেলা প্রশাসক এ পর্যন্ত মহম্মদপুর উপজেলা সাংবাদিকদের সঙ্গে কোনো মতবিনিময় করেননি।
দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও প্রেসক্লাব মহম্মদপুরের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুন নবী বলেন, বিগত দিনে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়েছি।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সকল সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসক মহোদয়ের মতবিনিময় সভায় ডাকা হয়। আমরা আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হই। কিন্তু সভায় জেলা প্রশাসক মহোদয় মাইক নিয়ে সাংবাদিকদের উদ্দেশে হল ছেড়ে চলে যেতে বলেন। সাংবাদিকদের বের হয়ে যাওয়ার বিষয়টি মাইকে ঘোষণা করাটা অত্যন্ত আপত্তিজনক ও দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি সাংবাদিকদের বের হয়ে যেতে বলিনি। মিটিং শুরু করব, এ জন্য তাঁদের পাশের রুমে গিয়ে বসতে বলেছি।
ডিআর




Comments