Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে রাত নামলেই চুরি-ডাকাতির আতঙ্কে থাকছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। গত কয়েক সপ্তাহে বসতঘর ও প্রবাসীর বাড়িতে ডাকাতি, মন্দির-মাদ্রাসায় চুরি এবং পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরিসহ একাধিক চুরি-ডাকাতির অভিযোগ উঠেছে।

সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের মারধরে ওই চালক রক্তাক্ত হন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরসরাই সীমান্তসংলগ্ন নয়াটিলা মাজারের পূর্ব পাশে এক ট্রাকচালককে কুপিয়ে আহত করে তাঁর সঙ্গে থাকা মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়িতে ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসতঘরে চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, এ ঘটনায় প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

২১ সেপ্টেম্বর দিবাগত রাতে সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় শ্রী শ্রী মগধেশ্বরী মন্দিরের গেটের গ্রিল ও তালা কেটে স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরি করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকায় প্রবাসী খোরশেদুল আলমের বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে।

এ ছাড়া ১৭ সেপ্টেম্বর রাতে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টেকের দোকান এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়। ১০ সেপ্টেম্বর গভীর রাতে কিপাইতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসার তালা ভেঙে চুরির ঘটনাও ঘটে।

৬ সেপ্টেম্বর ভূজপুর ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের তালা কেটে মালামাল নেওয়ার সময় স্থানীয় লোকজন তিন কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও গরু চুরির ঘটনা ঘটছে।

তবে ফটিকছড়ি ও ভূজপুর থানার কর্মকর্তারা জানান, বিভিন্ন ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেও জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দারা চুরি-ডাকাতির ঘটনাগুলো দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এসএ