হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের ওপর মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিকরা শেরপুরে হামলা চালিয়ে বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছে। বর্তমানে তারা হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের তিনটি বাস নিজদের কার্যালয়ের সামনে আটকে রেখেছে। এই বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও মৌলভীবাজারের পক্ষের চালক-শ্রমিকরা কোনো সিদ্ধান্ত মানছে না। এ অবস্থায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলবে না এবং সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে গত মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সঙ্গে মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে যৌথভাবে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে ছেড়ে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে বাসগুলো আবারও আটকে রেখে ভাঙচুর করা হয়। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
ডিআর




Comments