Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সড়কের পাশ থেকে মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকার মোশাররফ হোসেনের ছেলে। এ বিষয়ে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় অলিম্পিক কারখানার পাশে রাস্তার ধারে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্য ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশেই পড়ে থাকা নিহতের জাতীয় পরিচয়পত্র (NID) দেখে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, “মরদেহের পাশেই তার পরিচয়পত্র পড়ে ছিল এবং সেই পরিচয়পত্র দ্বারা নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

ডিআর