Image description

খুলনার বটিয়াঘাটা উপজেলায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজের মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জলমা ইউনিয়নের সরকারি চক্রাখালী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুচিত্রা বরকন দাস (৫৫)। তিনি চক্রাখালী গ্রামের সুখদেব বরকন দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ২৫ বছর বয়সী ছেলে মৃত্যুঞ্জয় বরকন দাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য এবং মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই তাঁর মাকে মারধর করতেন। শুক্রবার বিকালেও মৃত্যুঞ্জয় তাঁর মাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে বাড়ি ফিরে মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়ি ছেড়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই নিহতের স্বামী সুখদেব বরকন দাস বাড়িতে এসে স্ত্রীকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসেন এবং দ্রুত বটিয়াঘাটা থানা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং হত্যা মামলার প্রাক-তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মৃত্যুঞ্জয় বরকন দাস পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে সুচিত্রা বরকন দাসের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা বিস্তারিত তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডিআর