মুন্সিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে মুন্সিগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জানানো হয়, এ বছর মুন্সিগঞ্জ জেলায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সভায় জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। পূজামণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। যেকোনো সহযোগিতা প্রদান এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।
ডিআর




Comments