Image description

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) ও একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)। তাদের মধ্যে হেলাল গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সিকদার পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে তোফাইলের নেতৃত্বে একটি পক্ষ হামলা চালালে হেলাল গুলিবিদ্ধ হন। এ সময় হারুনও আহত হন।

স্থানীয়রা জানান, সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মৌলভী গফুরের ছেলে রাসেল। তাদের বিরোধের জেরেই রোববারের সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, হেলালের কোমরের ডান পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অপর আহত হারুনের মাথা ও বাম হাতে আঘাত রয়েছে।

ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের কথাকাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডিআর