ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্তরকে (২৫) গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম হোসেন স্থানীয় পান্নু মিয়ার ছেলে।
ময়মনসিংহ জেলা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাদ্দাম হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে অন্তরের দোতলার ঘরে যান। সেখানে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে অন্তর তাঁর কাছে থাকা ধারালো চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলাপাতাড়ি একাধিক আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় বাসিন্দারা সাদ্দামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি আলামত হিসেবে জব্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিআর




Comments