ঐতিহাসিক ‘আসাম বেঙ্গল গেটওয়ে’ নামে পরিচিত ঐতিহ্যবাহী চাঁদপুর রেলওয়ে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে এসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে তিনি ঢাকা থেকে সংক্ষিপ্ত সরকারি সফরে চাঁদপুর এসে পৌঁছান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে পরিদর্শনের কথা থাকলেও চাঁদপুরে পৌঁছানোর পরপরই তিনি তাৎক্ষণিকভাবে স্টেশন পরিদর্শন শুরু করেন।
পরিদর্শনকালে সচিব রেলওয়ের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে চাঁদপুর স্টেশন চত্বর এবং মেঘনা, ডাকাতিয়া ও পদ্মার মিলনস্থল বিখ্যাত তিন নদীর মোহনা (মোলহেড) এলাকা ঘুরে দেখেন। এসময় রেলওয়ের চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তিনি সরেজমিনে ও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সচিবের সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেনসহ রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে শ্রমিক দলের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, “সচিব মহোদয় সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছেন। কোন উপলক্ষ্য ছিলো কিনা আমাদেরকে জানানো হয়নি। তিনি শুধুমাত্র স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।পৌঁছে তাৎক্ষনিক স্টেশন পরিদর্শনে আসেন।”
ডিআর




Comments