Image description

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্ধ ঘরের দেয়াল ভেঙে ১৬ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বৈরাগ এলাকায় আমীর হোসেনের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিহত গৃহবধূর বাড়ি উপজেলার দুধকুমড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নাগু মিয়ার বাড়িতে। তাঁর স্বামী মো. হাসান বৈরাগ এলাকার মো. সাদেকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিয়ে হয়।

হাসানের নানী জানান, রোববার সকালে নাশতা শেষে তিনি ভিক্ষা করতে বাড়ির বাইরে যান। সকাল ১১টার দিকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে ঘরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এসএ