হুমায়ূন কবির খান
‘বর্তমান সরকার আসার পর পরিবহন সেক্টরকে ভালো সাজানোর জন্য কাজ করছে’
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজীব আলীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ ময়নুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হুদা, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জেকে গাফ্ফার, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন এবং জেলা অটোরিকশা অটো টেম্পু ও বেবি টেক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মিয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জীতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলায়েত মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, নির্বাহী সদস্য হাজী ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ, মোহাম্মদ আলী, দিয়ারিছ মিয়া, কাজী শামছুল মিয়া, সেলিম আহমেদ, আব্দুল আজিজ, জাফর ইকবাল শ্যামল ও কাউছার মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বক্স দুদু বলেন, "সব দলের সমর্থকরা শ্রমিক নেতা হতে পারেন। কিন্তু শ্রমিকদের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ন্যায় আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" তিনি আরও জানান, হবিগঞ্জ-মৌলভীবাজারে পরিবহন চলাচল নিয়ে যে সমস্যা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান বক্তার বক্তব্যে হুমায়ূন কবির খান বলেন, "বর্তমান সরকার আসার পর পরিবহন সেক্টরকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করছে। ইতোমধ্যে সরকার পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়ন করছে। সড়ক দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে খরচের কাগজপত্র সরকারের কাছে দাখিল করলে ৩ মাসের মধ্যে তার পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।"
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে আরও বলেন, "প্রশাসনসহ কেউ চাইবে না শ্রমিক সংগঠন শক্তিশালী হোক। সবাই শ্রমিকদের দুর্বল করার চেষ্টা করবে। কারণ শ্রমিকরা শক্তিশালী হলে কেউ তাদের অধিকার হরণ করতে পারবে না। তাই শ্রমিকদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের মাঝে কোনো ধরনের বিভক্তি আনা যাবে না। জেলা শ্রমিক ইউনিয়নে কোনো সমস্যা দেখা দিলে কেন্দ্রীয় কমিটি তা সমাধান করবে।"
সভা শেষে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য জেকে গাফ্ফারকে প্রধান নির্বাচন কমিশনার করে ৪ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান। কমিশনের অন্য সদস্যরা হলেন—জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট ফারুক আহমেদ এবং বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব।
এর আগে সাধারণ সম্পাদক সজীব আলী বার্ষিক কার্যক্রমসহ আয়-ব্যয়ের হিসাব রিপোর্ট পেশ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম এবং গীতা পাঠ করেন সজল রায়।
ডিআর




Comments