Image description

কুড়িগ্রামের রৌমারীতে পণ্যবাহী ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের তীব্র আঘাতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন ইজিবাইক যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মারাত্মক আহত এক শিশুর প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনের একযোগে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো রৌমারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।

ডিআর