Image description

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়াসহ আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনের কারণে বৈদ্যুতিক লাইনে দুর্ঘটনার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার একপর্যায়ে হঠাৎ মাটির ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তখনো সেখানে আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসজাতীয় পদার্থের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আগুনের উৎপত্তিস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, ওই এলাকার একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের আসতে দেখেন।

এদিকে আগুনের শিখা বা তাপ বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে—এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে মাটির নিচ থেকে নির্গত পদার্থটি প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ এবং সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

এসএ