Image description

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল সৌদিয়া পরিবহনের বাসটি। ভোরে চন্দনাইশের বাগিচাহাট বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। এতে বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। তাঁদের মধ্যে ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি বাগিচাহাটের বাঁকে উল্টে যায়। এতে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ উল্টে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। চালকের চোখে ঘুম নেমে আসার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএ