লোহাগাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর ইসলাম সিদ্দিকী ও উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।
বক্তারা বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির পথচলা শুরু হলো। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা শুধু সংবাদ সংগ্রহই করেন না, বরং ঘটনার গভীরে গিয়ে প্রকৃত সত্য তুলে ধরেন। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা সমাজ এবং দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ) এবং সাধারণ সম্পাদক পদে এরশাদ আলম (গ্লোবাল টিভি) নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি অধ্যাপক আব্দুল খালেক (দৈনিক ভোরের ডাক), সহসাধারণ সম্পাদক খোকন সুশীল (বীর চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এহতেশামুল হক রাব্বি (বাংলা পোস্ট), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ (পূর্বতারা) এবং দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দিনকাল)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনির আহমদ আজাদ (দৈনিক রূপালী বাংলাদেশ), ডা. মুহাম্মদ কামাল উদ্দীন (সাতকানিয়া-লোহাগাড়া বার্তা), মিনহাজ উদ্দীন (দৈনিক পূর্বকোণ) ও রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ)।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments