Image description

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। নিহত আলী মুসা শেখ মৌভোগ গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের ভেতর ও চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই বসতঘরসহ ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে, আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন প্রতিবেশী আলী মুসা শেখ। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অগ্নিকাণ্ডে ঘরে থাকা জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাদের ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু জানান, মৌভোগে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বিদ্যুৎ বিভাগে খবর পৌঁছানোর আগেই ওই ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে বালতির মাধ্যমে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএ