দিনাজপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, আটক ৫
বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে রাতভর মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে ভারতীয় মদ, বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরীগঞ্জ বিওপির একটি টহলদল। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিরল উপজেলার বেতুড়া গ্রামের মো. লাইচু (২৭), পঁচাপাড়া গ্রামের মো. সাখাওয়াত (২৮), বিরল গ্রামের মো. ওমর ফারুক (৩৫), বেতুড়া গ্রামের মো. মাজেদুর রহমান (৩২) এবং গোপালপুর গ্রামের মো. জাফরুল ইসলাম (২৩)।
পরে আটক ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য, সরঞ্জাম ও মোবাইল ফোনসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে ৪২ বিজিবির অধীন এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ এবং ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক-সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসএ




Comments