Image description

দিনাজপুরের বোচাগঞ্জে দুটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৯৪ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, অভিযানের সময় পালিয়ে যাওয়ায় মুক্তার আলম নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামের দুটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বর্থ গ্রামের মো. নুরুল হকের ছেলে মুক্তার আলমের বাড়ি থেকে ১৪০ বস্তা এবং উত্তর কৃষ্ণপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে বেলাল হোসেনের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ করা হয়। এ সময় বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মুক্তার আলম পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব মুক্তার আলমের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান বলেন, জব্দ করা সারের মধ্যে টিএসপি, ডিএপি, ইউরিয়া ও পটাশসহ বিভিন্ন ধরনের সার রয়েছে। এসব সার কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এসএ