Image description

তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার এলাকায় ‘মরহুম জালাল উদ্দীন সোহেল স্মৃতি উন্মুক্ত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, তরুণদের কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে ধর্মচর্চা, পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি ক্রীড়াঙ্গনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে এলাকায় নতুন খেলার মাঠ নির্মাণসহ ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু এবং সদস্য সচিব ফখরুল হাসান রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসএ