দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, এলাকায় স্বস্তি
নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ১ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এসএ




Comments