Image description

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা দাবি করে, এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজের পাশে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আশপাশের সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। পরে মুখোশ ও হেলমেট পরা কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। তারা গুদাম ও কার্যালয়ের সিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নেওয়ার পাশাপাশি আসবাব ভাঙচুর ও কয়েকটি ল্যাপটপসহ কয়েক লাখ টাকার পণ্য লুট করে নিয়ে যায়।

কর্মকর্তাদের দাবি, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তিতে জমিটি ভাড়া নিয়ে সেখানে গুদাম ও কার্যালয় তৈরি করে এ জে আর কুরিয়ার। হামলাকারীরা ভাড়া ইমনকে না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এসএস