কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফেরার পথে আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে তারা কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
জানা যায়, আকর্ষণীয় বেতনের প্রলোভনে দালালের মাধ্যমে তাদের কম্বোডিয়ায় নেওয়া হয়। সেখানে জোর করে সাইবার স্ক্যামিং বা অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করা হতো। পালানোর চেষ্টা করলে তাদের নির্যাতনও করা হয়।
গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার জন্য নমপেন বিমানবন্দরে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন আটক ছিলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার উদ্যোগে তাদের মুক্তি ও দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।




Comments