‘লাগান’ সিনেমার সাফল্যের দীর্ঘদিইন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান ও নির্মাতা আশুতোষ গোয়ারিকর। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ অবলম্বনে নির্মিত হতে যাওয়া স্পোর্টস ড্রামা ‘লালকারা’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। তবে সিনেমাটি নিয়ে বড় চমক হলো, এতে ২৫ বছর বয়সি এক তরুণের ভূমিকায় অভিনয় করবেন ৬১ বছর বয়সি আমির খান।
জানা গেছে, পর্দায় ২৫ বছরের এক অ্যাথলেটের চরিত্র বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে এরই মধ্যে কঠোর শারীরিক রূপান্তরের কাজ শুরু করেছেন এই অভিনেতা। চরিত্রটির জন্য তিনি একটি বড় ধরনের ওজন কমানোর মিশন বা ডায়েট চাট অনুসরণ করছেন বলেও উল্লেখ করা হয়েছে।
প্রজেক্টটির কাছের এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, ‘আশুতোষ গোয়ারিকরের আগামী ছবির জন্য আমির খান এক ধাক্কায় অনেকটা ওজন কমানোর পরিকল্পনা করেছেন। স্পোর্টস ড্রামা ‘লালকারা’-য় তাকে ২৫ বছর বয়সি এক চরিত্রে দেখা যাবে। চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি প্রচুর পরিশ্রম করছেন।’
প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। এর আগেও চরিত্রের প্রয়োজনে নিজের শরীরে বিপুল পরিবর্তন এনেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমায় মহাবীর সিং ফোগাটের প্রবীণ বয়সের চরিত্রের জন্য প্রচুর ওজন বাড়ানোর পর আবার তা কমিয়ে তরুণ রুপে হাজির হয়েছিলেন তিনি। এবার ৬১ বছর বয়সে এসে নিজের চেয়ে প্রায় ৩৬ বছর কম বয়সি কোনো চরিত্রে অভিনয় করাকে আমিরের ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
এমআর




Comments