Image description

দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের ঘরে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করেছেন দীপিকা ও রণবীর। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ওয়েলকাম বেবি গার্ল! ১৯/৯/২০২৬। দোয়া, দীপিকা অ্যান্ড রণবীর।’

নতুন অতিথির আগমনে দুই বছরের মেয়ে দোয়া এবার পেল ছোট বোন। দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে আগ্রহ ছিল।

চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানান এই দম্পতি। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাদের মেয়ে দোয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্টের কিট দেখা যায়। একই সঙ্গে জানানো হয়েছিল, সেপ্টেম্বরে তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে।

সন্তান জন্মের এক দিন আগে, ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। প্রথম সন্তান দোয়ার জন্মের আগেও একই মন্দিরে গিয়েছিলেন তারা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে যাওয়ার দুই দিন পর, ৮ সেপ্টেম্বর জন্ম হয় তাদের প্রথম সন্তান দোয়ার।

এবারও সেই ঘটনার সঙ্গে মিল পাওয়া গেল। তবে কোনো জল্পনা নয়, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর সরাসরি নিশ্চিত করেছেন তারকা দম্পতি।

২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দোয়ার জন্ম হয়। এবার পরিবারে যুক্ত হলো আরও এক কন্যাসন্তান।

এসএস