Image description

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে ‘নেগলেরিয়া ফাউলারি’ নামক এক বিরল ও প্রাণঘাতী মগজখেকো পরজীবীর (Brain-eating amoeba) সংক্রমণে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লিলিয়ান স্মার্ট নামের ওই শিশুটি একটি হ্রদের পানিতে সাঁতার কাটার সময় এই সংক্রমণের শিকার হয় বলে ধারণা করা হচ্ছে।

লুসিয়ানার রাস্টন এলাকার বাসিন্দা লিলিয়ান তার অষ্টম জন্মদিন উদযাপনের মাত্র কয়েকদিন পরই মারা যায়। রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় শিশুটির পরিবার জানায়, পরজীবীর সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্কের ফোলাভাব ও ক্ষয়ক্ষতি এতটাই মারাত্মক ছিল যে তার ছোট্ট শরীর তা আর সামলে উঠতে পারেনি।

লুসিয়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবোর্ন হ্রদে সাঁতার কাটার সময় লিলিয়ানের শরীরে এই বিরল পরজীবীটি প্রবেশ করে। ‘নেগলেরিয়া ফাউলারি’ সাধারণত হ্রদ, নদী বা পুকুরের উষ্ণ মিষ্টিপানিতে বাস করে। এটি একটি স্নায়ু আক্রমণকারী পরজীবী। দুর্ঘটনাবশত দূষিত পানি নাকের ভেতর দিয়ে ঢুকে গেলে এই অ্যামিবা স্নায়ুপথ বেয়ে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায় এবং তীব্র সংক্রমণ তৈরি করে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পানি গিলে ফেললে সংক্রমণ হয় না এবং এটি একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় না। এই অ্যামিবার সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় শতভাগ প্রাণঘাতী।

মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০ জন এই বিরল ‘নেগলেরিয়া ফাউলারি’ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

লিলিয়ানের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় প্রশাসন জলাশয়ে নামার ক্ষেত্রে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ডিআর