যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবার ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে দুই প্রধান মুসলিম উৎসবকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হলো ক্যালিফোর্নিয়া। দুই ঈদ এখন ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় লুনার নিউ ইয়ার ও দিওয়ালির সঙ্গে যুক্ত হলো।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ পরিবর্তনকে আইনে পরিণত করতে স্বাক্ষর করেন। এর আগে ২০২৫ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথম দুই ঈদকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
ক্যালিফোর্নিয়ায় কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (CAIR) আইন ও সরকারি বিষয়ক পরিচালক উসামা মোকেদ্দেম লস অ্যাঞ্জেলেসভিত্তিক সংবাদমাধ্যম এলএইস্টকে বলেন, আইনটিতে স্বাক্ষরের দিনটি ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের এবং
মোকেদ্দেম বলেন, মুসলিম সম্প্রদায় যখন ‘অযাচিত ও অন্যায্য সমালোচনার’ মুখোমুখি হচ্ছে, তখন এই ছুটির স্বীকৃতি এসেছে। এর উদাহরণ হিসেবে তিনি ২০২৬ সালের মে মাসে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার কথা উল্লেখ করেন।
সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, ৪২ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, মুসলিম আমেরিকানরা দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছেন।
পালোস ভার্দেস পেনিনসুলা ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের একাদশ শ্রেণির শিক্ষার্থী আদম খাজা বলেন, এই স্বীকৃতি এমন একটি বার্তা দেয় যে ক্যালিফোর্নিয়ার সমাজে পুরোপুরি অংশ নিতে হলে নিজের পরিচয়ের গুরুত্বপূর্ণ কোনো অংশ ত্যাগ করতে হবে না।
ছুটির স্বীকৃতির অর্থ কী
ক্যালিফোর্নিয়ায় ১০ লাখের বেশি মুসলিম বাস করেন। নতুন আইনের ফলে অঙ্গরাজ্যের কর্মীরা দুই ঈদ উদ্যাপনের জন্য বিদ্যমান বেতনসহ ছুটি ব্যবহার করতে পারবেন।
তবে কে-টুয়েলভ সরকারি স্কুলের ক্ষেত্রে এই আইন পুরো অঙ্গরাজ্যে বাধ্যতামূলক ছুটি ঘোষণা করেনি। স্থানীয় স্কুল ডিস্ট্রিক্ট চাইলে প্রয়োজনের ভিত্তিতে পুরো ডিস্ট্রিক্টে ঈদের দিন ছুটি ঘোষণা করতে পারবে।
মোকেদ্দেম আরও বলেন, ঈদ উদ্যাপনের জন্য স্কুলে অনুপস্থিত থাকলেও শিক্ষার্থীরা অঙ্গরাজ্যের আইনকে এর ভিত্তি হিসেবে উল্লেখ করতে পারবে।
আদম খাজা বলেন, তিনি তার স্কুল ডিস্ট্রিক্টে পুরো ডিস্ট্রিক্টের জন্য ঈদের দিন ছুটি ঘোষণার দাবি জানাবেন। তার ভাষায়, ঈদ মুসলিমদের জীবনের একটি বড় অংশ হলেও স্কুলের ক্যালেন্ডার ও ডিস্ট্রিক্টের নীতিমালায় সবসময় সেটির প্রতিফলন ছিল না।
এমআর




Comments