Image description

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আপসনামা পর্যালোচনা করে আদালত বলেছেন, ‘এ ধরনের অনাপসযোগ্য মামলায় একটা আপসনামার ওপরে ভিত্তি করে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হবে।’ পরে আদালত জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এ দিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন।

আসামিপক্ষ শুনানিতে গাজী নজরুলের জামিনে বাদীপক্ষের আপসনামা এবং তার অসুস্থতার ব্যাপার তুলে ধরে জামিন প্রার্থনা করেন। আদালতকে আইনজীবী জানান, আসামির জামিনে বাদীর আপত্তি নেই, সুতরাং তাকে জামিন দেওয়া হোক।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিন বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, অনাপোসযোগ্য ধারা রয়েছে, সেখানে আপস চাওয়া বেআইনি।

তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা। আপসনামায় থাকা আব্দুল হামিদ কি কোনো পক্ষ? বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান। তার জামিন নামঞ্জুর করেন। আপসের সুযোগ নেই।

এর আগে গত বুধবার বাদীপক্ষের সঙ্গে আপসের পরে এ মামলায় গাজী নজরুলের স্ত্রী মাকসুদার জামিন মঞ্জুর হয়। তবে গাজী নজরুলের জামিন নামঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত। পরে আজকের জন্য পুনরায় জামিন আবেদন করেন আসামিপক্ষ।

এনএ