Image description

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অধিক পরিমাণে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। ১৩ জুলাই অনুষ্ঠিত এই সভায় ড. তিতুমীর জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, আন্তর্জাতিক বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রযুক্তি সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ড. তিতুমীর তাঁর বক্তব্যে বলেন, “ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) হ্রাস এবং ডিজিটাল বৈষম্যের বিস্তার স্বল্পোন্নত দেশসমূহের ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলডিসিগুলোর টেকসই উন্নয়নের জন্য ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, কার্যকর ঋণ সমাধান ব্যবস্থা গড়ে তোলা এবং উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈষম্য কমিয়ে আনার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা পূরণে হাতে পাঁচ বছরেরও কম সময় বাকি। অথচ স্বল্পোন্নত দেশগুলো এখনো বহুমাত্রিক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই এসডিজি এবং দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত ও কার্যকর বৈশ্বিক উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়।

ড. তিতুমীর পুনর্ব্যক্ত করেন যে, স্বল্পোন্নত দেশসমূহ ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তবে এই লক্ষ্য অর্জনে তাদের বাস্তব চাহিদা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা অপরিহার্য।

মানবকণ্ঠ/ডিআর