বাংলাদেশ রেলওয়ের বহর ও সেবার মান আধুনিকায়নে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন ব্রডগেজ ও মিটারগেজ কোচ। এসব নতুন কোচ দিয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোতে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরনো ও জরাজীর্ণ কোচগুলো দ্রুত প্রতিস্থাপন করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
রেলওয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মহাপরিচালক জানান, আমদানিকৃত নতুন কোচের প্রথম একটি চালান ইতোমধ্যে দেশে পৌঁছে রেলবহরে যুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসব কোচ দিয়ে একটি সম্পূর্ণ নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রক্রিয়া চলছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি কোচগুলো দেশে পৌঁছালে যাত্রীদের সর্বোচ্চ চাহিদা ও রুটের গুরুত্ব বিবেচনায় নতুন ট্রেন যুক্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে পঞ্চগড় থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর সম্ভাবনার বিষয়টি সুদূরপ্রসারী বলে জানান তিনি। আফজাল হোসেন বলেন, “এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত। কারণ দেশের সব প্রধান রেলপথ এখনো পূর্ণাঙ্গ ব্রডগেজে রূপান্তরিত হয়নি। অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দূরপাল্লার এই দীর্ঘ রুটে পর্যাপ্ত বাণিজ্যিক যাত্রী পাওয়া যাবে কি না, তা কারিগরি ও অর্থনৈতিকভাবে যাচাই করা প্রয়োজন।”
বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের অগ্রগতি বিষয়ে মহাপরিচালক বলেন, “আঞ্চলিক যোগাযোগ স্থাপন করতে হলে ভারতের সীমান্তবর্তী অংশেও সমান সমান্তরাল রেলপথের সংযোগ থাকতে হবে। কেবল আমাদের অংশে রেললাইন নির্মাণ করলে প্রত্যাশিত বাণিজ্যিক সুবিধা আসবে না। দুই দেশের পূর্ণ সমঝোতা ও সম্মতি পেলেই এই প্রকল্প নতুন করে চালু করা সম্ভব। বর্তমানে বিষয়টি বিবেচনাধীন থাকলেও প্রাথমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments