বহির্বিশ্বে বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো রাষ্ট্রকে প্রভু হিসেবে মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব বরদাশত করা হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে স্থানীয় অসহায় ও দুস্থ মহিলা, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার দ্রুত ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব দক্ষ মিডওয়াইফ দেশের গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ মারাত্মক রোগগুলোর প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানে বিশেষ ভূমিকা রাখবেন।”
তিনি আরও উল্লেখ করেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীর পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এ লক্ষ্যে স্তন ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে টিকাদান কর্মসূচি ইতোমধ্যেই সরকার চালু করেছে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্বহস্তে ৩০০ জন অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং কৃতিত্বের স্বাক্ষর রাখা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে উপহারস্বরূপ সেলাই মেশিন ও ফলদ বৃক্ষের চারা তুলে দেন।
ডিআর




Comments