তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করার ঘোষণা দুলুর
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী দুই-এক মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হলে গোটা রংপুর বিভাগ অচল করে দেওয়া হবে। তিনি বলেন, এটি কোনো দল বা ব্যক্তির দাবি নয়, বরং রংপুর অঞ্চলের ২ কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবি নিয়ে কোনো আপস নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এস এস হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান বাজীব প্রধান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, এই কাজটি অবিলম্বে শুরু করতে। তিনি বলেন, “আমরা চাই বর্তমান সরকার এই কাজ শুরু করুক, যাতে রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়।”
সমাবেশের আগে হাতীবান্ধা উপজেলার হেলিপ্যাড মাঠ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলে বিএনপিসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অংশ নেন। এই মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা তিস্তা নদী রক্ষা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোচ্চার ছিলেন।
তিস্তা মহাপরিকল্পনা রংপুর অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও জনজীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয়রা। দুলুর এই ঘোষণা অঞ্চলের জনগণের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




Comments