Image description

ভোলার কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেছেন, ‘ভোলাবাসির প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু। এটি শুধু একটি ইঞ্জিনিয়ারিং প্রকল্প নয়, এটি ভোলার মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক যোগসূত্র বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত। এই দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং জাতীয় উন্নয়নের স্বার্থে দ্রুত বাস্তবায়ন জরুরি।’

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, ‘ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। কৃষি, মৎস্য, গ্যাস ও পর্যটন সবক্ষেত্রে অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও সেতুর অভাবে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে। সেতু নির্মাণ হলে ভোলার জনগণ বরিশালসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আজকের সমাবেশ ভোলার ২০ লক্ষ মানুষের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরা আশা করি সরকার জনগণের যৌক্তিক দাবিকে আন্তরিকভাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’

সমাবেশে ভোলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, পেশাজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। তারা স্লোগান দেন এবং ভোলার মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখা স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, জরুরি সেবা এবং কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

সমাবেশ শেষে ভোলাবাসির পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি দ্রুত প্রকল্প অনুমোদন ও নির্মাণ কার্য শুরু করার দাবি জানানো হয়।