Image description

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকার একটি চিংড়ি ঘের থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাখালী সীমান্তে অভিযান চালায়। এসময় একটি চিংড়ি ঘেরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১২টি এয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা নিকটস্থ সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক ও অধিনায়ক লে. কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে।

তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে।”

মানবকণ্ঠ/ডিআর