খুলনার দিঘলিয়া উপজেলায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে শুক্রবার বিকেলে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত মুরাদ ওই উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুরাদ খান খুলনা শহর থেকে হাজীগ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার পথ আটকে দাঁড়ায়। এ সময় প্রাণ বাঁচাতে মুরাদ দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা তাকে সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে এনে এলোপাতাড়ি কোপাতে থাকে।
মারাত্মক জখম হয়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যুবদল নেতাকে কুপিয়ে হত্যার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments