ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গ্রেপ্তার করে রাজসাক্ষী করা হলে ‘ডিপ স্টেট’ বা পর্দার আড়ালের কুশীলবদের পরিচয় জানা সম্ভব হবে। তিনি বলেন, কার পরামর্শে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং এর পেছনে কাদের স্বার্থ রয়েছে, তা আসিফ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে।
‘মানচিত্র’র নিয়মিত আয়োজনে অংশ নিয়ে এম এ আজিজ এসব মন্তব্য করেন। তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বলেন, ড. ইউনূস সংসদ অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারিতে বসে থাকেন, যা তার অনুচিত। আসিফ মাহমুদের ‘৪৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা’ সংক্রান্ত বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এর পেছনে ড. ইউনূসের সুপ্ত আকাঙ্ক্ষা ও একটি সুনিপুণ পরিকল্পনা (মেটিকুলাস ডিজাইন) থাকতে পারে।
এম এ আজিজ আরও বলেন, "আমাদের দেশের ডিপ স্টেট আসলে স্বাধীন নয়, বরং বিদেশি পরাশক্তির ওপর নির্ভরশীল। আসিফ মাহমুদকে রাজসাক্ষী করা হলে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার আসামি হিসেবে গণ্য হবে।" তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গোপন ষড়যন্ত্র নিয়ে যা বলেছিলেন, তা ভুল ছিল না।
সাংবাদিক এম এ আজিজ অভিযোগ করেন যে, বর্তমান সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ রয়েছে। তিনি মনে করেন, ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে এই অনিয়ম ও অপরাধের বিচার করতে হবে, অন্যথায় দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। ড. ইউনূসকে ইতোমধ্যে গ্রেপ্তার অথবা দেশ থেকে বিতাড়ন করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments