Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে বগিগুলো থেকে প্রচুর পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ। যৌথ প্রচেষ্টায় বর্তমানে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন মেরামত করার কাজ চলছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, এই দুর্ঘটনার প্রভাবে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো— ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করে যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই