ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও স্থানীয়রা দুই দফায় মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দীর্ঘসময় যান চলাচল বন্ধ থাকায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ভুল্লী এবং ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ভুল্লী এলাকার একটি ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন শত শত মোটরসাইকেল চালক। কিন্তু ডিপো থেকে তেল পৌঁছাতে বিকেল ৫টা বেজে যায়। তেল আসার পরও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানালে উপস্থিত গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তারা ভুল্লী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারিত থাকায় তারা নির্ধারিত সময়ের পর তেল সরবরাহ বন্ধ রেখেছিলেন।
এদিকে ভুল্লীর রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনেও একই দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় মোটর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পুনরায় পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তেল বিক্রি করতে হবে। তবে এই অবরোধের পেছনে কেউ উসকানি দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments