Image description

সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে ক্ষমতার দাপটে দোকানঘর দখলে রাখার অভিযোগ উঠেছে এক বিরিয়ানি ব্যবসায়ীর বিরুদ্ধে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নতুন চুক্তিতে সই না করে দীর্ঘ দিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী।

রোববার (২৬ এপ্রিল) সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের মালিকানাধীন মার্কেটের ২৪টি দোকানের মধ্যে ১৯ নম্বর দোকানটি দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করছেন জয়নাবাড়ী এলাকার বিপ্লব শেখ (৫৫)। সম্প্রতি বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সকল ভাড়াটিয়াকে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের স্বার্থে অন্য ২৩ জন ভাড়াটিয়া নতুন চুক্তিতে সই করলেও বিপ্লব শেখ তা অমান্য করে দোকানটি অবৈধভাবে দখলে রাখার চেষ্টা করছেন। তার এই অনড় অবস্থানের কারণে বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প থমকে গেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশে।

অনুসন্ধানে দেখা যায়, বিদ্যালয়ের সম্পদ দখলে রাখতে এবং ঘটনা ভিন্ন খাতে নিতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। দোকানগুলো বিদ্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণে থাকায় কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পেরে স্থানীয় যুবক রকিব ও সাংবাদিক শরীফের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতেই ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় সংশ্লিষ্টতাহীন ব্যক্তিদের জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, ১৯৩৯ সাল থেকে পরিচালিত পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ঐতিহাসিক ‘হাজী বিরিয়ানি’র নাম ও পরিচয় ব্যবহার করে জহুরুল ইসলাম বিপ্লব ওরফে বিপ্লব শেখ ও প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল কবির গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছেন। এমনকি এই দোকানের মানহীন বিরিয়ানি খেয়ে এর আগে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটলেও বিপ্লব তার প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেন বলে স্থানীয়রা জানান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী বলেন, “বিপ্লবের অসহযোগিতার বিষয়ে ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা বৈঠক করেও কোনো সমাধান আসেনি। বরং সে ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের সম্পদ জবরদখলের পাঁয়তারা করছে। আমরা বিদ্যালয়ের সম্পদ সুরক্ষা ও উন্নয়নের ধারা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

অভিযোগের বিষয়ে জানতে হাজী বিরিয়ানি হাউজের মালিক বিপ্লবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদে বাধা সৃষ্টি বা জোরপূর্বক দখলদারিত্বের কোনো সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর