Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুনিয়া ওই এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের ভেতর মুনিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার আগে মুনিয়া একটি চিরকুট লিখে গেলেও, তাতে কী লেখা রয়েছে বা ঠিক কী কারণে সে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিয়েছে, সে সম্পর্কে পরিবার এখনও কিছু জানাতে পারেনি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/আরআই