ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বালুভর্তি একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments